News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

৯ গুণী ব্যক্তি ও ওয়ারফেজকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

৯ গুণী ব্যক্তি ও ওয়ারফেজকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি জনপ্রিয় ব্যান্ড দলকে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। 

ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে ১৯৭৬ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এই মর্যাদাপূর্ণ পদক প্রদান করা হয়।

এবারের পদক প্রদান অনুষ্ঠানের অন্যতম আলোচিত দিক ছিল প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ। সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে সভাপতিত্ব করার পর, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো প্রটোকল ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থল ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান। তার এই পদযাত্রা উপস্থিত সাধারণ মানুষ ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক শুরু

এ বছর অভিনয় শিল্পে অসামান্য অবদানের জন্য পদক পেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢালিউডকে পরিচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়। সংগীতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন গিটার জাদুকর ও ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু; তার পক্ষে পদক গ্রহণ করেন সহধর্মিণী ফেরদৌস আক্তার চন্দনা। একইসঙ্গে দেশের ইতিহাসে প্রথম রক ব্যান্ড হিসেবে দলগতভাবে এই রাষ্ট্রীয় সম্মান অর্জন করে ইতিহাস গড়েছে ওয়ারফেজ। ব্যান্ডটির পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম টিপু পদক গ্রহণ করেন।

স্থাপত্যে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম এবং চারুকলায় অনন্য ভূমিকার জন্য অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার পদকে ভূষিত হয়েছেন। এ ছাড়া গ্রামীণ লোকজ সংস্কৃতি ও পালাগানকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য ইসলাম উদ্দিন পালাকার, নৃত্যকলায় শিশুদের উপযোগী শিক্ষা নিশ্চিতকরণে অর্থি আহমেদ এবং ভাস্কর্য শিল্পে আধুনিক ধারার প্রবর্তক তেজস হালদার জস এই সম্মাননা লাভ করেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এ বছর একুশে পদক তুলে দেওয়া হয়েছে প্রবীণ সাংবাদিক ও সম্পাদক শফিক রেহমান-এর হাতে। দেশে ভালোবাসা দিবসের প্রবর্তন ও সৃজনশীল সাংবাদিকতায় তার দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি দেয় রাষ্ট্র। শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য ভূষিত হয়েছেন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার। বিশ্বমানের একাডেমিক ক্যারিয়ার ছেড়ে দেশে ফিরে গণিত অলিম্পিয়াড ও ডাটা সায়েন্স নিয়ে দীর্ঘ দুই দশক কাজের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

পদক বিতরণ শেষে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, গুণীজনদের সম্মান জানানো রাষ্ট্রের কর্তব্য। তিনি বিজয়ীদের তাদের সৃজনশীল কাজের ধারাবাহিকতা বজায় রেখে দেশ গঠনে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। গত ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছিল, যার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল আজকের এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়