ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
ছবি: সংগৃহীত
মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের স্মরণে নীরবতা পালন ও দোয়া-মোনাজাতে অংশ নেন।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়ে দলীয়ভাবে দ্বিতীয় দফায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
তৃতীয় দফায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর পক্ষ থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
আরও পড়ুন: ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








