গ্যাস সংকট মোকাবিলায় সিএনজি বন্ধের সময় বাড়াল সরকার
ফাইল ছবি
পবিত্র রমজান মাসে ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ উৎপাদন এবং আবাসিক খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সময়সীমা পুনর্নির্ধারণ করেছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে যেখানে প্রতিদিন ৩ ঘণ্টা স্টেশন বন্ধ রাখা হতো, এখন থেকে তা বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নির্দিষ্ট সময়ের জন্য স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
উপ-সচিব মুহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি নিরসন এবং রমজানে বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম রমজান থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশের সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা বন্ধ থাকবে। এর আগে স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা আরও তিন ঘণ্টা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: ভারতের স্পাইসজেটের ওপর বাংলাদেশের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা জরুরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঈদ-পরবর্তী সময়ে অর্থাৎ ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানে ইফতার ও নামাজের সময় গৃহস্থালি ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পায়। বিতরণ নেটওয়ার্কে চাপ সামাল দিতে সাময়িকভাবে সিএনজি স্টেশনগুলোতে সরবরাহ কমিয়ে বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারের আশা, এই সিদ্ধান্তে রমজানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ স্থিতিশীল থাকবে এবং ঈদযাত্রায় যানবাহনের জ্বালানি সংকট সৃষ্টি হবে না।
নিউজবাংলাদেশ.কম/পলি








