News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫২, ২০ ফেব্রুয়ারি ২০২৬

৩ সিটি করপোরেশন নির্বাচনের আগাম প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

৩ সিটি করপোরেশন নির্বাচনের আগাম প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

ফাইল ছবি

জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের তিনটি সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে যাচ্ছে নির্বাচন কমিশন বাংলাদেশ। এর মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন। আগামী সপ্তাহে কমিশনের বৈঠকে নির্বাচনের বিস্তারিত কর্মপরিকল্পনা ঠিক করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পর নতুন সরকার গঠন করেছে বিএনপি। সরকার গঠনের তিন দিনের মাথায় ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজনের জন্য স্থানীয় সরকার বিভাগ কমিশনকে চিঠি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে।

আইন অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা হয় ২০২০ সালের ২ জুন, তাই মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ১ জুনে। ঢাকা উত্তর সিটির প্রথম সভা ২০২০ সালের ৩ জুন অনুষ্ঠিত হওয়ায় মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুনে। চট্টগ্রাম সিটির প্রথম সভা ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ায় মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে চিঠি পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে আমাদের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। হয়তো আগামী সপ্তাহের মধ্যে কমিশনে বৈঠক করে বিস্তারিত পরিকল্পনা নেব। অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তারাই এই নির্বাচনে দায়িত্ব পাবেন। অন্তর্বর্তী সরকারের সময় যেমন আমরা প্রভাবমুক্ত নির্বাচন করতে পেরেছি, ভবিষ্যতেও নিরপেক্ষতার প্রমাণ রাখবো।

আরও পড়ুন: মাতৃভাষা দিবসে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই: র‍্যাব মহাপরিচালক

উল্লেখ্য, ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর স্থানীয় সরকারের মেয়র, কাউন্সিল, চেয়ারম্যানদের পদত্যাগের ফলে অন্তর্বর্তী সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০ পৌরসভা, ৩৯৭ উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের প্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া সব প্রতিষ্ঠান প্রশাসক দ্বারা পরিচালিত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়