স্টল ভাড়া ছাড়াই ২৫ ফেব্রুয়ারি শুরু বইমেলা
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল আর প্রস্তুতির সীমাবদ্ধতায় এ বছর নির্ধারিত সময়ে শুরু হতে পারছে না বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৬’। তবে বইপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী এই মেলা। এবারের আয়োজনে প্রকাশকদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে স্টল ভাড়ার পূর্ণ মওকুফ সুবিধা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম মেলাটি ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা জানিয়েছিলেন, তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
একই দিন সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে মেলার আয়োজন নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা।
আরও পড়ুন: বইমেলার স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত
সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ঘোষণা দেন, এবারের বইমেলায় প্রকাশকদের কোনো স্টল ভাড়া দিতে হবে না। বই প্রকাশ ও বিপণনে প্রকাশকদের উৎসাহিত করা এবং সামগ্রিকভাবে মেলার পরিসর আরও বিস্তৃত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। এতে ছোট ও নতুন প্রকাশকরাও সহজে অংশ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রকাশকদের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলে নতুন বই প্রকাশ বাড়বে এবং পাঠকের কাছে বৈচিত্র্যময় গ্রন্থ পৌঁছানো সহজ হবে। সভায় উপস্থিত প্রকাশকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্টল ভাড়া না থাকলে তাদের আর্থিক চাপ কমবে এবং আরও বেশি বই প্রকাশের সুযোগ তৈরি হবে।
প্রতিবারের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে মেলার আয়োজন করা হবে। মাসব্যাপী এ মেলায় প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য স্টল ও প্যাভিলিয়ন উন্মুক্ত থাকবে।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা, প্রবেশব্যবস্থা ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। মেলায় নতুন বই প্রকাশ, লেখক-পাঠক আড্ডা এবং বিভিন্ন আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








