বইমেলার স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত
ফাইল ছবি
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির ঘোষণা দিয়েছে সরকার। প্রকাশনা শিল্পের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবার স্টল ভাড়ার ওপর ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এই ঘোষণা প্রদান করেন। পরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা।
আরও পড়ুন: দায়িত্ব ছাড়ার আগে সম্পদের বিবরণ দিলেন প্রেস সচিব
বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলা-২০২৬ আয়োজন উপলক্ষে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকেল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য-সচিব এবং কমিটির কয়েকজন সদস্য।
সভায় অংশ নেওয়া প্রকাশকরা প্রকাশনা শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন। গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ দাবির সঙ্গে সহমত প্রকাশ করে এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা।
এ সময় মোস্তফা সরয়ার ফারুকী বইমেলায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রকাশকদের স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করেন। যারা ইতোমধ্যে স্টল ভাড়ার অর্থ বাংলা একাডেমিতে জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করবে বইমেলা কর্তৃপক্ষ। আর যারা এখনো অর্থ জমা দেননি, তারা নতুন নির্ধারিত হারে সরাসরি জমা দিতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








