News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২৬

৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করে ইসির জরুরি নির্দেশনা

৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করে ইসির জরুরি নির্দেশনা

ফাইল ছবি

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার নন, এমন ব্যক্তিদের অবস্থানে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের জারিকৃত নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার স্বার্থে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। 

আরও পড়ুন: ‘ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই’

সময়সীমা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮১ ঘণ্টা ৩০ মিনিট (সাড়ে ৮১ ঘণ্টা) কোনো ব্যক্তি নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান করতে পারবেন না।

ইসি জানিয়েছে, এই বিধিনিষেধ সবার জন্য ঢালাওভাবে প্রযোজ্য হবে না। নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশন থেকে বৈধ অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক বা সংশ্লিষ্ট জনবল এবং ওই নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা ও নিবন্ধিত ভোটাররা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। অর্থাৎ, সংশ্লিষ্ট এলাকার ভোটার নন এমন বহিরাগত কোনো ব্যক্তি এই নির্দিষ্ট সময়ে নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।

নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তার রোধে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সকল জেলা ও মেট্রোপলিটন এলাকায় এই নির্দেশনা কঠোরভাবে কার্যকর করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যেন ভোটাররা নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়