বাংলাদেশে অর্থ সহায়তা ৭৪ শতাংশ বাড়াল ভারত
ছবি: সংগৃহীত
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভারতবিরোধী মনোভাব ও ভূ-রাজনৈতিক টানাপড়েন দেখা দিলেও ঢাকার জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে নয়াদিল্লি।
রবিবার (১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ২০২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ৬০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। ফলে নতুন বাজেটে বাংলাদেশের জন্য ভারতের আর্থিক সহায়তা প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভারতবিরোধী কিছু জনমত লক্ষ্য করা গেলেও নয়াদিল্লি তার ‘প্রতিবেশী প্রথম’ নীতি থেকে সরে আসেনি। বরং উন্নয়ন অংশীদারিত্ব বজায় রাখতেই এই বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হয়েছে।
২০২৬ অর্থবছরের প্রাথমিক বাজেট প্রস্তাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বাংলাদেশের ক্ষেত্রে ১২০ কোটি রুপি বরাদ্দের প্রস্তাব থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা কমিয়ে ৬০ কোটি রুপিতে চূড়ান্ত করা হয়। এই অর্থ বাংলাদেশে ভারতের অর্থায়নে পরিচালিত কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।
বাজেটে প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে ভারতের বরাদ্দে ভিন্ন চিত্র দেখা গেছে। এবারও সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ভুটান, যার জন্য ২ হাজার ২৮৮ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। আফগানিস্তানের বরাদ্দ ১০০ কোটি থেকে বাড়িয়ে ১৫০ কোটি রুপি করা হয়েছে। তবে নেপাল, মালদ্বীপ ও মরিশাসের জন্য বরাদ্দ আগের তুলনায় কিছুটা কমানো হয়েছে।
আরও পড়ুন: ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্যদিকে, ভূ-রাজনৈতিক চাপের কারণে ইরানের চাবাহার বন্দরের জন্য বরাদ্দ অনুদান পুরোপুরি বন্ধ করেছে ভারত। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে নতুন অর্থবছরে বিদেশি রাষ্ট্রগুলোকে মোট ৮ হাজার ৭৯২ কোটি রুপি ঋণ ও অনুদান দেওয়ার পরিকল্পনা করেছে নয়াদিল্লি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








