News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কারচুপির কোনো অবকাশ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে 'লাইভ ভেরিফিকেশন' বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের সার্বিক নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবেন।

রবিবার (০১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের সার্কিট হাউজে নির্বাচন উপলক্ষ্যে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ জানান, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে, যার ফলে খাম খোলা ও সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। ভোটকেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার কলম সঙ্গে নিতে পারবেন, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা পেনসিল ব্যবহার করবেন। ভোট চলাকালীন প্রতি আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: ইসি সানাউল্লাহ

ভোট প্রক্রিয়ায় অনিয়ম রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ব্যবহার নিয়ন্ত্রণে কমিশন বিশেষ সতর্কতা অবলম্বন করবে। এছাড়া ভোট কেনাবেচা প্রতিরোধে একাধিক বৈঠক করা হয়েছে এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে। নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের কোনো ধরনের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন ইসি।

অপতথ্য ও গুজব প্রতিরোধে সত্য ও সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। এছাড়া বৃদ্ধ, প্রতিবন্ধী ও আহত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে সব জেলা ও প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

নির্বাচনের নিরপেক্ষতা প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, সততা ও নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থানে থাকবে। বড় দল বা ছোট দলের মধ্যে কোনো ভেদাভেদ নেই; সবাই সমান। নির্দেশনার পরও কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার পরিণতি হবে কঠোর।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়