নাশকতা রোধে রেলপথে রেড অ্যালার্ট
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যাত্রীসাধারণ, ট্রেন এবং রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। কোনো স্বার্থান্বেষী মহল যেন নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বিশেষ নির্দেশনা জারি করা হয়।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য কর্মকর্তা) রেজাউল করিম সিদ্দিকী।
অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। এমন প্রেক্ষাপটে গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ‘নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
এ পরিস্থিতিতে রেলের যাত্রীসাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো ধরনের নাশকতা বা রেল যাত্রী, ট্রেন এবং অবকাঠামোর ক্ষতিসাধনের চেষ্টা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেলস্টেশনে দায়িত্বরত কর্মচারী, সংশ্লিষ্ট গেটকিপার অথবা রেল পুলিশকে অবহিত করতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে কল করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করা যাবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








