News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৪১, ৩১ জানুয়ারি ২০২৬

প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। একইসঙ্গে প্রশাসনকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, সব ভোটার যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। ভোটার যে দলেরই হোক না কেন, সবার জন্য সমান সুযোগ থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটের মাধ্যমেই জয়ী হতে হবে, অনিয়ম বা কারচুপির কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চিন্তাও করতে না পারে। পাশাপাশি নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সকলকে নিরপেক্ষ থাকার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: দেশে পৌঁছালো প্রবাসীদের ১ লাখ ৪৫ হাজার ব্যালট

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এবং সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা, নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়