নির্বাচনী নিরাপত্তায় ঢাকাসহ ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ চার জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করবেন বিজিবি ঢাকা সেক্টরের অধীন ৫ ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮টি প্লাটুন মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে ১১টি প্লাটুন। পাশাপাশি সাভার ও ধামরাইয়ের দুটি সংসদীয় আসনে ৬টি প্লাটুন, ফরিদপুর জেলার চারটি আসনে ১৩টি প্লাটুন এবং মানিকগঞ্জ জেলার তিনটি আসনে ৮টি প্লাটুন মোতায়েন থাকবে।
আরও পড়ুন: নির্বাচনে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকার আশ্বাস আইজিপির
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হবে। ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ নজরদারির অংশ হিসেবে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।
এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে প্রস্তুত রাখা হয়েছে বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (র্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং প্রয়োজন অনুযায়ী আকাশপথে সহায়তার জন্য হেলিকপ্টার। নির্বাচনী দায়িত্ব পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) এবং উন্নত সিগন্যালিং সরঞ্জাম। সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
ভোটকেন্দ্রের ভেতরে বিজিবির দায়িত্ব পালনের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান জানান, এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে অথবা কোথাও সহিংসতা কিংবা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিজিবির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, সরকার, নির্বাচন কমিশন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








