News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৫, ২৭ জানুয়ারি ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক যোগাযোগ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ। 

তিনি জানান, রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। রাষ্ট্রপতি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করলে ডাকযোগে তার কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে।

এ তথ্য পৃথকভাবে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদও। তিনি বলেন, রাষ্ট্রপতির নিজস্ব ইচ্ছায় প্রথমবারের মতো চালু হওয়া আইটি-সাপোর্টেড পোস্টাল ভোট পদ্ধতিতে তিনি ভোট দেবেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন। তবে সে সময় ভোট প্রদান করা হয়েছিল প্রথাগত বা অ্যানালগ পদ্ধতিতে। এবারের নির্বাচনে নির্বাচন কমিশন প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোট ব্যবস্থা চালু করেছে, যেখানে অনলাইনে নিবন্ধনের পর ডাকযোগে ব্যালট আদান-প্রদান করা হচ্ছে।

পূর্ববর্তী নির্বাচনে নিজের নির্বাচনি এলাকা পাবনায় গিয়ে ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছিলেন, বঙ্গভবন থেকে তার যাতায়াতের ফলে ভোটের দিন পাবনায় নিরাপত্তাজনিত প্রভাব পড়তে পারে। এতে সাধারণ ভোটারদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়। সে কারণেই সচেতন সিদ্ধান্ত হিসেবে তিনি পোস্টাল ভোটকে উপযুক্ত মনে করেন।

আরও পড়ুন: ভোট হবে উৎসবমুখর: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রযুক্তিনির্ভর এই পোস্টাল ভোট পদ্ধতিতে দেশে ও বিদেশে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশে ও প্রবাসে অবস্থানরত মোট ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার এ পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধিত ভোটারদের মধ্যে অর্ধেকের বেশি প্রবাসী বাংলাদেশি।

এবার প্রথমবারের মতো প্রবাসে অবস্থানরত ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনি এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসীরা ১২২টি দেশ থেকে এই পদ্ধতিতে ভোট দিতে পারছেন।

ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট দেশে ফেরত এসেছে। একই সময় পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোট প্রদান করেছেন। তাদের মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন ভোটদান শেষে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

রাষ্ট্রপতির পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রযুক্তিনির্ভর এই নতুন ভোট ব্যবস্থা দেশের নির্বাচনী ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়