News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৮, ২৩ ডিসেম্বর ২০২৫

শিলিগুড়ির পর আগরতলা ও গুয়াহাটিতে বাংলাদেশি ভিসা সেবা বন্ধ

শিলিগুড়ির পর আগরতলা ও গুয়াহাটিতে বাংলাদেশি ভিসা সেবা বন্ধ

ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এ বিষয়ে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২৩ ডিসেম্বর থেকে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনেও। নাম প্রকাশে অনিচ্ছুক আগরতলা ও গুয়াহাটির দুই মিশনের কর্মকর্তারা জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণেই ভিসার আবেদন গ্রহণ ও প্রদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, একই নিরাপত্তাজনিত কারণে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শিলিগুড়ির ওই ভিসা সেন্টারে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ভিসা সেন্টারের একটি সাইনবোর্ড ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

আরও পড়ুন: রাজধানীর বাইরে চার অঞ্চলে শুটারদের তৎপরতা, নদী-ইটভাটায় গোপন প্রশিক্ষণ

এছাড়া ভিসা সেন্টারে কর্মরতদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটে। এরপর ভিসা আবেদন কেন্দ্রটির পরিচালনাকারী সংস্থা ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ সাময়িকভাবে সেন্টারটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, এর আগে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকেও ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়