News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৯, ১৯ ডিসেম্বর ২০২৫

‘ছায়ানটে হামলা ফৌজদারি অপরাধ ও অভ্যুত্থানের চেতনা পরিপন্থি’

‘ছায়ানটে হামলা ফৌজদারি অপরাধ ও অভ্যুত্থানের চেতনা পরিপন্থি’

ফাইল ছবি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে জাতি শোকে ডুবে আছে। এই জাতীয় শোকের মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা ও ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা কেবল ফৌজদারি অপরাধই নয়, এটি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনারও পরিপন্থি বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এক বিবৃতিতে এমন মনতব্য করেন তিনি।

ফারুকী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক শরীফ ওসমান হাদির শহিদি মৃত্যুতে জাতি আজ শোকার্ত। এ ধরনের শোকের মুহূর্তে এক শ্রেণির হঠকারী দেশের অস্থিতিশীল করার উদ্দেশ্যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি সাধন করেছে। এটি কেবল ফৌজদারি অপরাধই নয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনারও পরিপন্থি।

তিনি আরও বলেন, এই নিন্দনীয় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি ছায়ানট ভবনে সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ছায়ানট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে। ফারুকী গণতান্ত্রিক রূপান্তরের সংবেদনশীল এই সময়ে সব ধরনের হঠকারী ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুন: সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ওসমান হাদির মরদেহ

প্রসঙ্গত, সিঙ্গাপুরের হাসপাতালে ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর গত বৃহস্পতিবার রাতে রাজধানীতে বিক্ষোভ শুরু হয়। প্রথমে শাহবাগে অবরোধ, পরে কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয় এবং ডেইলি স্টার ভবনে হামলা ও ভাঙচুর-অগ্নিসংযোগ চালানো হয়। রাত দেড়টা থেকে আড়াইটার মাঝামাঝি সময়ে একদল বিক্ষোভকারী ধানমন্ডির ছায়ানট ভবনে প্রবেশ করে সাততলার প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়।

হাদি তার রাজনৈতিক জীবনে জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা করেছিলেন। গত ১২ ডিসেম্বর, রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচার শেষে রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়।

ফারুকী বলেন, জাতীয় শোকের এ মুহূর্তে সকল নাগরিককে একত্রিত হয়ে নিন্দনীয় সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়