আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ফাইল ছবি
আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
সিইসি নাসির উদ্দীন বলেন, “তরুণরা নিজেরাই ভোট দেবেন এবং অন্যদের ভোটদানে উৎসাহ দেবেন। কারণ তরুণরা সাহসের প্রতীক, সৃষ্টির প্রতীক। আপনাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ। আপনাদের নিয়েই হবে এবারের ভোট।”
তিনি আরও উল্লেখ করেন, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪ সালে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখিয়েছে। তরুণদের সৃষ্টিশীলতা, জ্ঞানভিত্তিক ধারণা ও শক্তি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
নাসির উদ্দীন জানান, এই নির্বাচনকে ঐতিহাসিক করে তুলেছে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা। এছাড়া যারা নির্বাচনের কাজে নিয়োজিত থাকতেন তারা এবার ভোট দিতে পারবেন। কারাবন্দি ও সরকারি কর্মকর্তা- কর্মচারীরাও এবার ভোটের সুযোগ পাবেন। তিনি আশা প্রকাশ করেন, “যদি এর সঙ্গে তরুণরা থাকে, তাহলে আমরা আরও এগিয়ে যাবো। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।”
নির্বাচন নিয়ে শঙ্কা নেই জানিয়ে সিইসি বলেন, “নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু ও সময়মতো হবে। সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।”
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স
তিনি আরও উল্লেখ করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা, যা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের তুলনায় অনেক ভালো—“তখন মানুষ ঘুমাতে পারতো না, এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








