ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
ফাইল ছবি
মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ লাখ ৪৭৭ জন।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একজন বাসিন্দা।
এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, ঢাকা বিভাগে ৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী শনাক্ত হয়েছেন।
আরও পড়ুন: হাদির হামলাকারীদের ধরতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী ৬৬ দশমিক ৭ শতাংশ এবং নারী রোগী ৩৩ দশমিক ৩ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৪৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭২৯ জনে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








