হাদির মস্তিষ্কে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হয়ে মস্তিষ্কের কাণ্ড (ব্রেন স্টেম) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডা. সায়েদুর রহমান বলেন, “হাদি বর্তমানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এই পর্যায়ে কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না।”
তিনি জানান, বাম কানের ঠিক ওপর দিয়ে মাথায় প্রবেশ করা গুলিটি ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। গুলির এই গতিপথে মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মানুষের জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। “এ অবস্থাকে আমরা ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে দেখছি। এখন রোগীকে কেবল লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা চলছে,” বলেন তিনি।
ডা. সায়েদুর রহমান আরও জানান, হাদিকে বর্তমানে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। তবে চিকিৎসকেরা এখনই কোনো আশার নিশ্চয়তা দিতে পারছেন না। তবুও সামান্য আশার জায়গা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “রোগীর শরীরে এখনো সাইন অব লাইফ আছে। অস্ত্রোপচারের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গেছে।”
তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত জটিল। অস্ত্রোপচারের আগেই একবার হাদি শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে করে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। আপাতত সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: হাদির ওপর হামলা গণতান্ত্রিক অভিযাত্রায় সুপরিকল্পিত আঘাত: প্রধান উপদেষ্টা
সবশেষে ডা. সায়েদুর রহমান বলেন, “এ মুহূর্তে কোনো আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সময় অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








