নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহীদের জন্য আবেদনের সময় বেঁধে দিলো ইসি
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য আবেদন করার সময়সীমা ১০ দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।
তিনি জানান, নির্বাচন তফসিল ঘোষণার পর ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট পর্যবেক্ষক সংস্থাকে কোন এলাকা বা এলাকাসমূহে কেন্দ্রীভূত বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়—তা উল্লেখ করে ইসি সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন জমা দিতে হবে।
বর্তমানে ইসিতে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা ৮১টি।
এদিকে রাত সাড়ে ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। একই সময়ে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়।
এর আগে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: যুব-ক্রীড়ায় আসিফ নজরুল, তথ্যে রিজওয়ানা, স্থানীয় সরকারে আদিলুর
তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ সময়সূচি- মনোনয়নপত্র দাখিলের শেষ সময়: ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ: ১১ জানুয়ারি, আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি, প্রচারণা চলবে: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত.
নিউজবাংলাদেশ.কম/এসবি








