News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১০, ১০ ডিসেম্বর ২০২৫

‘সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির’

‘সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির’

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

বুধবার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

ইসি সচিব আরও জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হয়েছে এবং আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সাক্ষাৎকালে সিইসি ও প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন সংক্রান্ত প্রক্রিয়া, ব্যালট পেপারের নকশা ও রঙসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। রাষ্ট্রপতি কমিশনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং একটি সুষ্ঠু, সুন্দর ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তিনি বৈঠকে আলোচিত ভোট প্রক্রিয়া, ব্যালট পেপার বিতরণ, ভোট গ্রহণের সময় বৃদ্ধি এবং প্রবাসী ভোটিংয়ের প্রযুক্তিগত বিষয়গুলো কার্যকরভাবে পরিচালনার জন্য কমিশনকে নির্দেশনাও দেন। রাষ্ট্রপতি বিশেষভাবে পোস্টাল ভোটিং ও প্রবাসী ভোটের বিষয়গুলোতে সন্তোষ প্রকাশ করেছেন এবং কমিশনের অগ্রগতির প্রশংসা করেছেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

এদিন দুপুর ১২টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে চার নির্বাচন কমিশনার—ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ, তাহমিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাছউদ—এবং ইসি সচিব আখতার আহমেদ বঙ্গভবনে পৌঁছান।

ইসি সচিব আখতার আহমেদ জানান, বৈঠকে মূলত ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন ও সদস্যসংখ্যা, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন, ব্যালট কাগজের নকশা ও রঙ এবং ভোটারদের কাছে বিতরণের প্রক্রিয়া, ভোট গ্রহণের সময় বৃদ্ধি এবং পোস্টাল ও প্রবাসী ভোটিংয়ের প্রযুক্তিগত বাস্তবায়ন— এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত বিষয়ে ইসি সচিব জানান, বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হয়। এই রেকর্ডিং ও কমিশনারদের সঙ্গে পরবর্তী বৈঠক শেষে তফসিল ঘোষণার চূড়ান্ত সময় নির্ধারণ করা হয়। ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নিশ্চিত করেছেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে।

এর আগে, তফসিলের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে ডাকা হয়েছিল। এছাড়া, তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে এবং গত ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়