News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সরকারি ও আধা-সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর নির্দেশনা

সরকারি ও আধা-সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর নির্দেশনা

ফাইল ছবি

দেশের সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসা-যাওয়ার ক্ষেত্রে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি এবং অফিস ত্যাগ নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সব মন্ত্রণালয়, বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি এবং প্রস্থান করা বাধ্যতামূলক।

আরও পড়ুন: মশক নিধন ও পরিচ্ছন্নতায় সিটি প্রশাসকদের আল্টিমেটাম প্রধানমন্ত্রীর

নির্দেশনা অনুযায়ী, কেবল অফিস চলাকালীন সময় নয়, বরং সাপ্তাহিক ছুটি বা অন্যান্য সাধারণ ছুটির দিনেও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা চাইলেই কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ছুটির দিনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে অবশ্যই নিজ নিজ যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। এই বিষয়টি কঠোরভাবে পালনের জন্য চিঠিতে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তাদের অধীনস্থ দপ্তর বা সংস্থাগুলোতে এই নির্দেশনা দ্রুত কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রশাসনের সর্বস্তরে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই সময়ানুবর্তিতার বিষয়টি পুনরায় মনে করিয়ে দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়