সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল
ফাইল ছবি
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালক পদে এ পরিবর্তন করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর নতুন চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সম্প্রতি অবসরে গেছেন।
চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করা হয়েছে। বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দেওয়ার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা সদর দপ্তর থেকে ডিজিএফআই সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে যশোরে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সংসদ বসছে ১২ মার্চ, একই দিন স্পিকার নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরদিকে, ৫৫ পদাতিক ডিভিশনের বর্তমান জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। আর বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








