প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তার গাড়ি বহর কার্যালয় প্রাঙ্গণে পৌঁছালে সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আজই ছিল তার কার্যালয়ে প্রথম আনুষ্ঠানিক কার্যদিবস।
তেজগাঁও কার্যালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় দায়িত্ব পালনকারী পুরাতন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি অনেক পুরনো কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এদিকে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
আরও পড়ুন: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জনতার ঢল
এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








