News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬

দায়িত্ব পেলেন ৮ উপদেষ্টা, কার দায়িত্বে কোন মন্ত্রণালয়?

দায়িত্ব পেলেন ৮ উপদেষ্টা, কার দায়িত্বে কোন মন্ত্রণালয়?

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নতুন দফতর বণ্টনের নির্দেশনা প্রকাশ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: চলতি মাসেই শুরু হচ্ছে সংসদের প্রথম অধিবেশন

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক ও নীতি-নির্ধারণী কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। 

সরকারের লক্ষ্য অর্জনে এবং জনসেবা নিশ্চিত করতে এই অভিজ্ঞ ও দক্ষ উপদেষ্টা পর্ষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আজ থেকেই নবনিযুক্ত উপদেষ্টারা তাদের নিজ নিজ দফতরের দাপ্তরিক কাজ শুরু করবেন বলে জানা গেছে।

সরকার মনে করছে, এই পদমর্যাদার উপদেষ্টা নিয়োগ এবং দফতর বণ্টন দেশের নীতি নির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমকে সুসংগঠিত ও দিকনির্দেশিত করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়