২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
ছবি: সংগৃহীত
রমজান মাসে বইমেলার আয়োজন নিয়ে আপত্তি ও নানা আলোচনা শেষে চূড়ান্ত হয়েছে অমর একুশে বইমেলার নতুন দিনক্ষণ। আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে মেলা শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। এর আগে ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর কথা ছিল বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বইমেলাকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন প্রকাশক, আয়োজক ও স্টল নির্মাণে নিয়োজিত কারিগররা। প্রাণের এ আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ বলে জানিয়েছে বাংলা একাডেমি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্তও বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা স্টলের জন্য আবেদন করেছে।
সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে স্টল নির্মাণের শেষ মুহূর্তের কাজ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কারিগরদের দম ফেলার সুযোগ নেই। কেউ রঙের কাজে ব্যস্ত, কেউ বিদ্যুতের লাইন স্থাপনে—সব মিলিয়ে পুরোদমে চলছে প্রস্তুতি।
প্রতিবছরের মতো এ বছরও লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হবে অমর একুশে বইমেলা। আয়োজকরা জানিয়েছেন, স্টল নির্মাণে কোনো ত্রুটি যেন না থাকে, সে বিষয়ে তদারকি চলছে।
এদিকে বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে প্রকাশকদের একটি অংশ বইমেলার সময়সূচি নিয়ে দ্বিমত প্রকাশ করলেও এখন সবাই একমত হয়েছেন।
আরও পড়ুন: রমজান-ঈদে নগদ অর্থ পরিবহনে বিশেষ এস্কর্ট দেবে পুলিশ
অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সেলিম রেজা বলেন, ঈদের পরে সময়টি বাস্তবসম্মত নয়—এ বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন সময় নির্ধারণ করা হয়েছে। সর্বসম্মতিক্রমে ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর মেলা আয়োজন সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ছুটির দিনে শুরু হবে সকাল ৯টা থেকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








