News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪১, ২০ ফেব্রুয়ারি ২০২৬

রমজান-ঈদে নগদ অর্থ পরিবহনে বিশেষ এস্কর্ট দেবে পুলিশ

রমজান-ঈদে নগদ অর্থ পরিবহনে বিশেষ এস্কর্ট দেবে পুলিশ

ফাইল ছবি

পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেন কয়েক গুণ বৃদ্ধি পায়। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে চুরি, ছিনতাই ও প্রতারণার ঝুঁকিও। এ পরিস্থিতিতে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিরাপদে পরিবহনের জন্য বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রমজান ও ঈদ সামনে রেখে রাজধানীতে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য এবং নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যের লেনদেন উল্লেখযোগ্যভাবে বাড়বে। এ সময়ে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বড় অঙ্কের নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী স্থানান্তরের ক্ষেত্রে নিরাপত্তা সহায়তা প্রয়োজন মনে করলে ডিএমপির এস্কর্ট সেবা নিতে পারবেন। তবে সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা রাখতে হবে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট থানা বা ডিএমপির কন্ট্রোল রুমে আগাম যোগাযোগ করলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগের নম্বরগুলো হলো: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬। এছাড়া জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা 

রাজধানীবাসীর নিরাপদ লেনদেন নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজন অনুযায়ী পুলিশের এ বিশেষ সহায়তা গ্রহণের আহ্বান জানিয়েছে ডিএমপি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়