ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা
আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে নতুন সরকার। প্রাথমিকভাবে (পাইলটিং) দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় এ সুবিধা কার্যকর করা হবে। কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিবরা।
কমিটি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের উপযোগী নকশা (ডিজাইন) প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি নির্ধারণ করবে। প্রথম পর্যায়ে প্রতিটি বিভাগ থেকে একটি করে উপজেলা বাছাই করে সেখানে কর্মসূচিটি চালু করা হবে।
এ ছাড়া নারীদের জন্য বিদ্যমান কোনো কর্মসূচিকে এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কি না- তাও পর্যালোচনা করবে কমিটি। সুবিধাভোগীদের সুনির্দিষ্ট ডাটাবেজ তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে একটি ডিজিটাল এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) প্রণয়নের সুপারিশ করবে তারা।
সরকার আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য পূরণে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও কমিটির থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








