News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৫ কোটি পরিবার

প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৫ কোটি পরিবার

ছবি: সংগৃহীত

প্রাথমিকভাবে দেশের পাঁচ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভায় এই বিশেষ সামাজিক সুরক্ষা কার্যক্রমের ঘোষণা আসে। 

সভা শেষে তথ্যমন্ত্রী জমিরউদ্দীন স্বপন, পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং কৃষিমন্ত্রী আমিন উর রশিদ গণমাধ্যমকে বিস্তারিত সিদ্ধান্তসমূহ জানান।

তথ্যমন্ত্রী জমিরউদ্দীন স্বপন জানান, ধাপে ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং প্রাথমিক পর্যায়ে পাঁচ কোটি পরিবারকে কার্ডের আওতায় আনা হবে।

বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে তথ্যমন্ত্রী জমিরউদ্দীন স্বপন বেসরকারি খাতে অস্থিরতা এবং অযৌক্তিক চাকরিচ্যুতির বিষয়ে কঠোর বার্তা প্রদান করেন। 

তিনি স্পষ্ট করে বলেন, প্রচলিত বিধি ও প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসরণ না করে কাউকে পেশা থেকে সরিয়ে দেওয়া যাবে না। বিশেষ করে জনতাকে উসকে দিয়ে বা ‘মব’ সৃষ্টি করে কোনো কর্মীকে চাকরিচ্যুত করা সম্পূর্ণ বেআইনি এবং অগ্রহণযোগ্য। বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সাম্প্রতিক ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: রাজপথে আন্দোলন ও অটোপাস সংস্কৃতিতে ফিরবে না দেশ: শিক্ষামন্ত্রী

সাংবাদিকদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে তথ্যমন্ত্রী এক বিশেষ নির্দেশনার কথা জানান। 

তিনি উল্লেখ করেন, বেসরকারি কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে কোনো সাংবাদিকের চাকরি চলে গেলে বা কাউকে ছাঁটাই করা হলে সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তথ্য মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি করতে হবে। গণমাধ্যম কর্মীদের পেশাগত নিরাপত্তা বজায় রাখতে সরকার শীঘ্রই একটি পূর্ণাঙ্গ নীতিমালা বা সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

সরকারের এই বৃহৎ উদ্যোগের বিষয়ে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। কার্ড বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও সঠিক প্রাপ্যতা নিশ্চিতে সরকার একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এক্ষেত্রে সমাজের অতিদরিদ্র বা হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকার শীর্ষে রাখা হবে। এরপর পর্যায়ক্রমে সাধারণ দরিদ্র পরিবারগুলো এই কার্ডের আওতায় আসবে।

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ কার্ডের কার্যকারিতা নিয়ে বলেন, এখন পর্যন্ত গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি কার্ডধারীদের সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। এই সহায়তা পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি নারীদের বিশেষভাবে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়