News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রাজপথে আন্দোলন ও অটোপাস সংস্কৃতিতে ফিরবে না দেশ: শিক্ষামন্ত্রী

রাজপথে আন্দোলন ও অটোপাস সংস্কৃতিতে ফিরবে না দেশ: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের দ্বিতীয় কর্মদিবসেই শিক্ষাব্যবস্থা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রাজপথ দখল করে শিক্ষকদের আন্দোলনের সুযোগ নেই বলে জানিয়ে তিনি বলেন, দাবি-দাওয়া থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে; জনদুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায়ের প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নীতিগত অবস্থান তুলে ধরেন।

রাজপথ দখল করে শিক্ষকদের আন্দোলনের কঠোর সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা এবং রাজপথের আন্দোলন একসঙ্গে চলতে পারে না। শিক্ষকদের সকল ন্যায়সঙ্গত দাবি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে। রাজপথ দখল করে দাবি আদায়ের কোনো প্রয়োজন নেই, কারণ সরকার জানে শিক্ষকদের কোনটি প্রাপ্য আর কোনটি নয়। তারা মানুষ গড়ার কারিগর, তাই আমরা সব সময় তাদের পক্ষেই আছি।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের এই বার্তা পাওয়ার পর শিক্ষকরা আন্দোলনের পথ পরিহার করে শ্রেণিকক্ষে পাঠদানে মনোনিবেশ করবেন।

দেশের শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খলা ও ‘মব’ তৈরি করে পরীক্ষার ফল বা অটোপাস আদায়ের সংস্কৃতির কড়া সমালোচনা করেন মন্ত্রী। 

আরও পড়ুন: নকল-প্রশ্নফাঁস রুখতে জিরো টলারেন্স ঘোষণা নতুন শিক্ষামন্ত্রীর

তিনি সাফ জানিয়ে দেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অটোপাস দেওয়ার ধারা আর ফিরবে না। 

তিনি বলেন, এক সময় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার্থীরা অটোপাস নিয়েছে, কিন্তু দেশ আর সেই সংস্কৃতিতে ফিরে যাবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে।

বর্তমান শিক্ষা কারিকুলাম নিয়ে জনমনে থাকা প্রশ্ন ও অসন্তোষ দূর করার ইঙ্গিত দিয়েছেন ড. এহছানুল হক মিলন। প্রথম কর্মদিবসেই তিনি বিদ্যমান কারিকুলাম পর্যালোচনার ঘোষণা দিয়েছিলেন। 

সংবাদ সম্মেলনে তিনি পুনরায় উল্লেখ করেন যে, গত ১৭ বছরে শিক্ষা খাতে যে স্থবিরতা ও অনিয়ম বিরাজ করছিল, তা দূর করাই বর্তমান সরকারের অগ্রাধিকার। বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করতে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত কারিকুলাম প্রণয়নের কাজ দ্রুত শুরু করা হবে।

মন্ত্রণালয়ের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ইতোমধ্যে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে মন্ত্রী জানান। 

তিনি বলেন, সরকারের ভিশন অনুযায়ী শিক্ষার উন্নয়নমূলক কাজের অগ্রাধিকার তালিকা তৈরি করা হবে। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দায়িত্বের প্রথম দিনে সচিবালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং তিনি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়