News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

স্মৃতিসৌধ, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মন্ত্রীরা

স্মৃতিসৌধ, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মন্ত্রীরা

ছবি: সংগৃহীত

সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদ সদস্যরা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। দুপুর সোয়া ১২টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করা হবে।

বিকেলে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সরকারি টেলিভিশন বিটিভি সরাসরি এই অনুষ্ঠান সম্প্রচার করবে। বিকেল ৪টায় প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।

এর আগে, মঙ্গলবার বিকেলে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে তার মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয়ী হয়। ১১ দলীয় জোটের প্রার্থীরা ৭৭টি আসন জেতে। নির্বাচনে বিজয়ী হওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলের দীর্ঘ নির্বাসনের পর দেশে প্রত্যাবর্তন ও তারেক রহমানের সক্রিয় নেতৃত্ব শুধু নির্বাচনে জয় নিশ্চিত করেনি, বরং বিএনপিকে দীর্ঘদিন পর একটি সুস্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ দিয়েছেন। এর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়