প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন মির্জা আব্বাস ও রিজভীসহ ১০ জন
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গঠিত নতুন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের নিয়োগ সম্পন্ন হয়েছে।
রাষ্ট্রপতি মুহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ১০ বিশিষ্ট ব্যক্তিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
রাষ্ট্রপতির জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত ১০ জনের মধ্যে ৫ জন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা এবং ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন।
মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টাবৃন্দ হলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টাবৃন্দ হলেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন, রেহানা আসিফ আসাদ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা ও ভারত সফরের আমন্ত্রণ
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে আজ মঙ্গলবার রাজনৈতিক অঙ্গনে ছিল ব্যস্ততম দিন। সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন। এরপর বিকেলেই সরকার গঠনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মুহাম্মদ সাহাবুদ্দিন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি ৪৯ জন সদস্যকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবেও শপথ বাক্য পাঠ করানো হয়। নবগঠিত এই মন্ত্রিসভা এবং উপদেষ্টামণ্ডলীর নিয়োগের মাধ্যমে দেশে এক নতুন প্রশাসনিক যাত্রা শুরু হলো।
নিউজবাংলাদেশ.কম/পলি








