সংসদে বিরোধী দলের নেতৃত্বে জামায়াত ও এনসিপি
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে নবগঠিত এই সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে মনোনীত হয়েছেন দলটির নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আয়োজিত সংসদীয় দলের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র এবং বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াত আমির মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া সংসদে বিরোধীদলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান। মূলত ১১-দলীয় জোটের সমন্বিত সিদ্ধান্তের ভিত্তিতেই এই সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: মন্ত্রী পদে শপথ নিলেন যারা
১১-দলীয় জোটের একাধিক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সংসদের কার্যপ্রণালী সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিরোধী দলের পক্ষ থেকে এই শক্তিশালী টিম গঠন করা হয়েছে। জানা গেছে, বিরোধী দলের এই নতুন নেতৃত্ব এবং বিন্যাসের বিষয়ে শিগগিরই ১১-দলীয় জোটের পক্ষ থেকে একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
শপথ পরবর্তী প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সবার দায়িত্বশীল আচরণের মাধ্যমেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তবে সংবিধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে কিছুটা আলোচনার সৃষ্টি হয়েছে।
দলীয় একটি সূত্র ইঙ্গিত দিয়েছে যে, বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের পক্ষ থেকেও সে ক্ষেত্রে ভিন্ন চিন্তাভাবনা থাকতে পারে। তবে আপাতত সংসদীয় কার্যক্রম এগিয়ে নিতেই এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








