News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উভয়েই পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা এবং এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকটি ছিল আনুষ্ঠানিক বিদায়ী সৌজন্য সাক্ষাৎ।

আরও পড়ুন: নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাসা

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। একই দিনে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর তারাই আনুষ্ঠানিকভাবে দেশের দায়িত্বভার গ্রহণ করবে। ততক্ষণ পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে। তবে নতুন সরকার শপথ নিলেই স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়