জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করার পর যে গণবিক্ষোভ তৈরি হয়েছিল, তার ফলেই একটি শক্তিশালী সরকারের পতন ঘটে।
ড. ইউনূস বলেন, বর্তমানে ডিজিটাল খাতই মূল খাত। কারণ এখান থেকেই পরিবর্তনের সূচনা হয় এবং অন্যান্য সব খাত এতে প্রভাবিত হয়।
নাগরিক সেবার ডিজিটালাইজেশন কাগজে-কলমে সীমাবদ্ধ থাকার সমালোচনা করে তিনি বলেন, সরকার শুধু একটি সিস্টেম তৈরি করে জনগণের হাতে তুলে দেবে, আর জনগণ নিজেদের মতো করে সেটি ব্যবহার করবে এটিই তথ্যপ্রযুক্তির প্রকৃত শক্তি।
পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ের তিন জেলায় থাকা প্রায় আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টিতে ইন্টারনেট সংযোগ রয়েছে। যেখানে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কাজ করতে পারে।
চাকরি নিয়ে প্রচলিত ধারণার সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণা এক ধরনের দাসপ্রথার মতো। বরং উদ্যোক্তা তৈরিতে সরকারকে সহায়কের ভূমিকা নিতে হবে।
সরকারি চাকরির মেয়াদ নিয়েও মত দেন ড. ইউনূস। তিনি বলেন, পাঁচ বছরের বেশি একই জায়গায় সরকারি চাকরি করলে মানসিক স্থবিরতা তৈরি হয় এবং সৃজনশীলতা কমে যায়। তাই প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পর পর নতুন করে শুরু করা উচিত।
আরও পড়ুন: ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট
জালিয়াতির সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, জালিয়াতিতে বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে পরিচিত হয়ে উঠেছে, যা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। প্রযুক্তিতে এগোতে হলে এই জালিয়াতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে নিয়ে আমরা মাথা উঁচু করে চলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








