সচিবালয়ে অননুমোদিত প্রবেশে ৩ জনের জেল
ছবি: সংগৃহীত
প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে অনধিকার প্রবেশের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় রাষ্ট্রীয় প্রশাসনের প্রাণকেন্দ্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে সচিবালয়ে প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা–২০২৫’ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে।
নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং টিম সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের অভিযোগে দুইজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে অবৈধভাবে সচিবালয়ে প্রবেশ করেছিলেন। পরে তারা অপরাধের কথা স্বীকার করেন।
আটককৃতদের মধ্যে মো. আলিফ শরীফ অবৈধভাবে সচিবালয়ের প্রবেশ পাস তৈরির সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি আরও অনেককে এ ধরনের পাস তৈরিতে সহায়তা করেছেন বলে জানা যায়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড এবং অপর অভিযুক্ত মো. আশিককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আটকদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে সম্পৃক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত মো. দিদারুল আলমকে শনাক্ত করা হয়। তাকেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত
এদিকে সচিবালয়ে অননুমোদিত যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণেও তৎপর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্টিকারবিহীন ও মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত গাড়ি প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








