News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৯, ২৮ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোক প্রস্তাব

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোক প্রস্তাব

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় শোকপ্রস্তাব আনা হচ্ছে। 

বুধবার (২৮ জানুয়ারি)  ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনেই এ শোকপ্রস্তাব উত্থাপন করা হবে।

রাজ্যসভার কার্যতালিকা সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি প্রকাশিত সূচি অনুযায়ী আজকের অধিবেশনে তিনজন প্রয়াত নেতার স্মরণে শোকপ্রস্তাব আনার কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অপর দুজন হলেন ভারতের সাবেক সংসদ সদস্য এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি।

একই দিনে ভারতের লোকসভাতেও একাধিক প্রয়াত নেতার স্মরণে শোকপ্রস্তাব উত্থাপন করা হবে। লোকসভায় যাদের স্মরণ করা হবে, তাদের মধ্যেও রয়েছেন সুরেশ কালমাদি।

ভারতের সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে। অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের অংশ হিসেবেই এসব শোকপ্রস্তাব উত্থাপন করা হচ্ছে।

আরও পড়ুন: দেশের ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা

উল্লেখ্য, খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তাকে দাফন করা হয়। সেখানে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তিনি চিরনিদ্রায় শায়িত হন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়