শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) বিশেষ ছুটি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে সপ্তাহান্তের নিয়মিত ছুটির সঙ্গে মিলে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং শিল্প শ্রমিকরা টানা দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন।
সোমবার (২৬ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ. বি. এম. আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত বিধি শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ‘এলোকেশন অফ বিজনেস এমাং দা ডিফারেন্ট মিনিস্টারিস অ্যান্ড ডিভিশন সিডিউল ১ অফ দা রুলস অফ বিজনেস ১৯৯৬’-এর প্রদত্ত ক্ষমতাবলে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি অনুমোদন করা হয়েছে।
ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারির সাধারণ ছুটি দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোতে কার্যকর হবে। পাশাপাশি সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এই ছুটির আওতায় থাকবেন। মূলত ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং ভোট গ্রহণের কাজে নিয়োজিত জনবলকে সহায়তা করতেই এই নির্বাহী আদেশ জারি করা হয়েছে।
আরও পড়ুন: নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
শিল্পাঞ্চল ও শ্রমিকদের বিশেষ সুবিধা নির্বাচনকালীন সাধারণ ছুটির পাশাপাশি সরকার শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য অতিরিক্ত গুরুত্ব প্রদান করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) বিশেষ ছুটি পাবেন।
ইতোপূর্বে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটির এই সিদ্ধান্তটি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে যাতে তারা নির্দিষ্ট সময়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাতায়াত ও ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
টানা ছুটির সমীকরণ ঘোষিত এই ছুটির ফলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনসহ আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকছে। এর পরবর্তী দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সরকারি কর্মজীবীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন।
অন্যদিকে, ১০ ফেব্রুয়ারি থেকে ছুটি শুরু হওয়ায় শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন এবং পরবর্তী সপ্তাহান্তের ছুটিসহ দীর্ঘ সময় কর্মস্থল থেকে বিরতি পাচ্ছেন।
নির্বাচন কমিশন ও সরকার আশা করছে, এই দীর্ঘ ছুটির ফলে দেশের সাধারণ মানুষ এবং বিশেষ করে পোশাক খাতসহ বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিকরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








