নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার সাময়িক বন্ধ
ছবি: সংগৃহীত
চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক–জেএফপি) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
ভারতীয় ভিসা সেন্টার ও আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বার্তা ও নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর ২টার পর ভিসা আবেদন কেন্দ্রের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।
আইভ্যাক বাংলাদেশের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যেসব আবেদনকারীর আজকের জন্য স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকেও একই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিরাপত্তাজনিত কারণে দুপুর ২টার পর আর কোনো কার্যক্রম পরিচালিত হবে না।
আরও পড়ুন: মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
বার্তায় বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই যে, ঢাকায় আইভিএসি–জেএফপি আজ দুপুর ২টায় বন্ধ থাকবে। আজ জমা দেওয়ার জন্য বুক করা সকল আবেদনকারীকে পরবর্তী সময়ে একটি নতুন স্লট দেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে গত সোমবার বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস। সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এর দুই দিনের মাথায় নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধের ঘোষণা এলো।
এদিকে, আজ বুধবার রাজধানীতে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্য’। কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়ালীগ ও সরকারি কর্মকর্তাদের কথিত ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকাল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এই কর্মসূচি শুরু হবে।
চলমান এই সার্বিক পরিস্থিতির মধ্যেই নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








