বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইইউ
ফাইল ছবি
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত ইইউ’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন।
ইজাবস বলেন, এই মিশন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরবে।
আরও পড়ুন: মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
তিনি আরও উল্লেখ করেন, এই মিশন বাংলাদেশের জনগণ এবং তাদের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষার আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের বাস্তব উদাহরণ।
ইইউ জানায়, ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দল পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল আন্তর্জাতিক অঙ্গীকার ও গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড অনুযায়ী পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে। একই সঙ্গে নির্বাচনের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় চালানো হবে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








