রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা
ফাইল ছবি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতিনিধি দল বৈঠক করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিটি দলের দুইজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এনসিপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
গতকাল শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর সন্ধ্যায় যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার: ডিএমপি কমিশনার
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাকা ওই বৈঠকে প্রধান উপদেষ্টা সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ অবস্থার প্রেক্ষিতে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় ও পরিস্থিতি পর্যালোচনা করছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








