বানচাল করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই।
শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনে জনগণ ভালো নির্বাচন দেখতে পায়নি। তাই সবাই এখন একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়।
শফিকুল আলম আরও জানান, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে চাইবে বা আইন হাতে তুলে নেবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। একই সঙ্গে যারা অনৈতিক দাবি তুলে নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, পতিত সৈরাচারের দল নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। পলিটিক্যাল পার্টি হলে শান্তিপূর্ণ আন্দোলন করত। কিন্তু তারা তা না করে রাইফেল-পিস্তল নিয়ে বাচ্চা ছেলেদের হত্যা করেছে। এখন তারা নিজেরাই নিজেদের আউট করে দিয়েছে।
আরও পড়ুন: পুলিশের ৩৯ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
তিনি আরও বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। অপপ্রচার ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান প্রেস সচিব।
নিউজবাংলাদেশ.কম/এসবি








