জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সন্ধ্যা ৬টায়
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় ঘোষণা করা হবে।
গত বুধবার বিকেলে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
এর আগে বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিটিভি ও বাংলাদেশ বেতারে তার ভাষণ রেকর্ড করা হয়।
এর আগে দুপুরে সিইসির নেতৃত্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচন কমিশনারগণ। সাক্ষাৎকালে সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করে কমিশন। রাষ্ট্রপতি এতে সন্তোষ প্রকাশ করেন।
বিজয় দিবস উদযাপনে সরকারের ব্যাপক কর্মসূচি
এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীও উপস্থিত ছিলেন।
বঙ্গভবন থেকে ফিরে বিকেল চারটায় সিইসি এ.এম.এম. নাসির উদ্দিন তফসিলের ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করেন। পরে বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ৩০০ আসনে ভোটের তফসিল ঘোষণা করা হবে। সীমানা নিয়ে আদালতের দেওয়া রায়ের কারণে কোনো অসুবিধা হবে না।
এদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ‘৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট’ অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








