News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৪, ১১ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবস উদযাপনে সরকারের ব্যাপক কর্মসূচি

বিজয় দিবস উদযাপনে সরকারের ব্যাপক কর্মসূচি

ফাইল ছবি

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে সার্বিক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। ১৬ ডিসেম্বর প্রত্যুষে রাজধানী ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হবে।

মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল ৬টা ৩৪ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাভারের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। 

এর পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়াও, দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিদেশে থাকা কূটনৈতিকরা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

সর্বস্তরের নাগরিকরা দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে অংশগ্রহণ করবেন। দিবস উপলক্ষ্যে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জিত করা হবে। তবে ১৪ ডিসেম্বর দিবাগত রাতে আলোকসজ্জা পরিচালনা করা হবে না। দেশের প্রধান সড়ক, সড়কদ্বীপ ও জনপদগুলোতে জাতীয় পতাকা, রঙিন নিশান এবং ব্যানার-ফেস্টুন স্থাপন করে সজ্জা দেওয়া হবে।

বিশেষ আকর্ষণ হিসেবে এবারের বিজয় দিবসে সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিংয়ের মাধ্যমে গিনেস রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। এটি বিশ্বে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং হিসেবে রেকর্ডভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজয় দিবসের সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া প্রদর্শন করবেন। একই সঙ্গে চলবে বিজয় দিবসের ব্যান্ড শো। সারাদেশে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও বিএনসিসির বাদ্য দল অনুষ্ঠান পরিবেশন করবে।

আরও পড়ুন: বিজয় দিবসে ৫৪ পতাকা হাতে প্যারাস্যুটিং

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সব জেলা-উপজেলায় তিন দিনব্যাপী বিজয়মেলার আয়োজন করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় আ্যক্রোবেটিক শো এবং সন্ধ্যা ৬টায় যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’ অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে একই উদ্যানে বিজয় দিবসের গান পরিবেশন করা হবে। দেশের ৬৪ জেলায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীরা একযোগে গান পরিবেশন করবেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, শিশু একাডেমি ও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ফুটবল, টি-টুয়েন্টি ক্রিকেট, কাবাডি, হাডুডু সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি বঙ্গভবনে অপরাহ্নে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করবেন। 

এছাড়া মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ডাক বিভাগ এ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট প্রকাশ করবে।

দেশের হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে প্রীতিভোজ আয়োজন করা হবে। টেলিভিশন ও বেতার চ্যানেলগুলোতে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান প্রচার করা হবে। শিশুপার্ক, জাদুঘর এবং দেশের সিনেমা হলগুলো বিনামূল্যে খুলে রাখা হবে।

চট্টগ্রাম, খুলনা, মংলা ও পায়রা বন্দর, ঢাকার সদরঘাট, পাগলা ও বরিশালসহ বিআইডব্লিউটিসির ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড একক ও যৌথভাবে জাহাজগুলো সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখবে।

শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে সারাদেশে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়