News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৮, ২৬ জানুয়ারি ২০২৬

চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ: চিফ প্রসিকিউট

চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ: চিফ প্রসিকিউট

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানকালে রাজধানীর চানখাঁরপুলে ছয় শিক্ষার্থী হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্যানেল এ রায় ঘোষণা করেন। তবে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

চিফ প্রসিকিউটর বলেন, আদালতে যাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরও সীমিত সাজা দেওয়া হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব। এ ধরনের সীমিত সাজা ন্যায়বিচারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি বলেন, কনস্টেবল সুজন গুলি করার সময় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি কনস্টেবল হওয়ায় এবং ঊর্ধ্বতনের আদেশ পালনের যুক্তিতে আদালত তাকে সীমিত সাজা দিয়েছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর আরও বলেন, এই রায় একটি স্পষ্ট বার্তা দেয় কোনো বেআইনি নির্দেশ মানতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাধ্য নন। বেআইনি আদেশ পালন করলে আদালতের এজলাসে কোনো ছাড় মিলবে না।

রায়ে ট্রাইব্যুনাল ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাড়াও সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।

আরও পড়ুন: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

অন্যদিকে, রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের কারাদণ্ড, শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কনস্টেবল মো. সুজন, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়