যুক্তরাষ্ট্রজুড়ে শীতকালীন ঝড়ে বিপর্যয়, বাতিল ১৩ হাজার ফ্লাইট
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ শীতকালীন ঝড় আঘাত হেনেছে। তুষারপাত ও বরফের কারণে অন্তত ১৩ হাজার ফ্লাইট বাতিল হয়েছে, লাখো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং এক ডজন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও বরফের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, জমে থাকা বরফ ধীরে গলে এবং উদ্ধার ও পুনরুদ্ধার কাজে বাধা সৃষ্টি করতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পর্যন্ত এক ডজন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা অনুমোদন দিয়েছেন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) বিভিন্ন অঙ্গরাজ্যে ত্রাণসামগ্রী, কর্মী ও উদ্ধারদল মোতায়েন করেছে।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, সম্ভব হলে ঘরে থাকুন এবং বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন।
দক্ষিণাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত কাজ শুরু হয়েছে। লুইজিয়ানা ও টেক্সাসে প্রায় ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। শেলবি কাউন্টি (টেক্সাস) ও ডেসোটো প্যারিশে (লুইজিয়ানা) গাছ ভেঙে পড়ার কারণে সড়ক ও বাড়িতে ক্ষতি হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, শনিবার ও রবিবার মিলিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। শিকাগো, আটলান্টা, ন্যাশভিল, রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ও নর্থ ক্যারোলিনার শার্লট বিমানবন্দরেও ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বরফ জমা এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রা হারিকেনের সমান হতে পারে। মিডওয়েস্ট অঞ্চলে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি ফারেনহাইটে নেমে গেছে। উইসকনসিনের রাইনল্যান্ডারে সকালেই মাইনাস ৩৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যা প্রায় ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। ফিলাডেলফিয়া ও হিউস্টনের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। নর্থ ক্যারোলাইনা ও মিসিসিপি বিশ্ববিদ্যালয়সহ দক্ষিণাঞ্চলের কয়েকটি বিশ্ববিদ্যালয়ও ক্লাস বাতিল করেছে।
আরও পড়ুন: কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
উল্লেখ্য, এই ঝড়ের প্রভাব নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত, যার কারণে দেশজুড়ে বড় ধরনের পরিবহন, বিদ্যুৎ ও দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








