News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ২৫ জানুয়ারি ২০২৬

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম আল জাজিজার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, কানাডাকে ব্যবহার করে চীন যদি তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকানোর চেষ্টা করে, আর কার্নি যদি সেটাকে সম্ভব বলে মনে করেন তাহলে তিনি মারাত্মকভাবে ভুল করছেন।

তিনি আরও বলেন, কানাডা যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তিতে এগোয়, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব কানাডীয় পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

বিবৃতিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ না করে ‘গভর্নর কার্নি’ বলে সম্বোধন করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে আখ্যা দিয়ে আসছেন।

এদিকে কানাডা–যুক্তরাষ্ট্র বাণিজ্যবিষয়ক মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক শনিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানান, চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে কানাডার কোনো তাড়াহুড়ো নেই। তিনি বলেন, গত সপ্তাহে চীনের সঙ্গে যে চুক্তি হয়েছে, তা মূলত শুল্কসংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে।

লেব্লাঙ্ক আরও জানান, কানাডার নতুন সরকার দেশের অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে, যার লক্ষ্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক অংশীদারত্ব আরও জোরদার করা।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার আগ থেকেই তিনি কানাডীয় পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন। পাশাপাশি কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার আহ্বান জানানো নিয়েও তিনি একাধিকবার মন্তব্য করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়