News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৪, ১৫ জানুয়ারি ২০২৬

ইরানে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর হবে না: ট্রাম্প

ইরানে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর হবে না: ট্রাম্প

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে বলে তাকে আশ্বস্ত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি আরও জানান, দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর হবে না।

আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে, আমাকে আশ্বস্ত করা হয়েছে।” তবে তিনি দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি। পরিস্থিতি কোনদিকে মোড় নেবে, তার ওপর ভিত্তি করে পদক্ষেপ নেবে ওয়াশিংটন, উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেয়ার কোনো পরিকল্পনা নেই। এছাড়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সামরিক বাহিনী বর্তমানে ‘প্রতিরক্ষামূলক প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে’ রয়েছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের ‘কঠোর জবাব’ দিতে প্রস্তুত।

আরও পড়ুন: কাতার থেকে মার্কিন সেনা সরাচ্ছে ওয়াশিংটন

যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন প্রদর্শন ও হুমকি-ধামকির পর এই মন্তব্য করেছে আইআরজিসি। আইআরজিসি’র বিমান বাহিনীর কমান্ডার সরদার মৌসাভিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, “ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের আগের সময়ের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ এখন আরও বেড়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়