News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৩, ১৯ ডিসেম্বর ২০২৫

হিন্দুকুশে ৫.৭ মাত্রার ভূমিকম্প, কাঁপলো আফগানিস্তান ও পাকিস্তান

হিন্দুকুশে ৫.৭ মাত্রার ভূমিকম্প, কাঁপলো আফগানিস্তান ও পাকিস্তান

ফাইল ছবি

এশিয়ার দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তান শুক্রবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটি বাংলাদেশ সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৫টা ৩৯ মিনিটে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানায়, ভূমিকম্পের ফলে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই ভূমিকম্পের প্রভাব পড়েছে প্রতিবেশী পাকিস্তানেও। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দির ও চিত্রালসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে অনেক মানুষ কিছু সময়ের জন্য বাড়ি ও ভবন ছেড়ে খোলা স্থানে চলে যান।

আরও পড়ুন: তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে ওঠে তাইপেই

তবে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে সেখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটির কেন্দ্রস্থল টেকটোনিক প্লেটের চলাচলের কারণে ভূকম্পনপ্রবণ এলাকায় অবস্থিত। এ কারণে সম্ভাব্য আফটারশকের বিষয়ে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত মাসে উত্তর আফগানিস্তানের বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজসহ একাধিক প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত এবং ৯৫৬ জন আহত হন।

এছাড়া, চলতি বছরের আগস্ট মাসে পূর্ব আফগানিস্তানে সংঘটিত আরেকটি ভয়াবহ ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ৪ হাজার মানুষ আহত হন। ওই ভূমিকম্পে কুনার প্রদেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।

সূত্র: আনাদোলু

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়