তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে ওঠে তাইপেই
ছবি: সংগৃহীত
পূর্ব এশিয়ার ভূমিকম্পপ্রবণ দ্বীপরাষ্ট্র তাইওয়ানে ফের ভূকম্পন অনুভূত হয়েছে। দেশের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরকে কেন্দ্র করে হওয়া এই ভূমিকম্পের প্রভাবে রাজধানী তাইপেইসহ আশপাশের এলাকায় কিছুক্ষণের জন্য ভবনগুলো কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দূরে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
তাইওয়ানের আবহাওয়া বিষয়ক প্রশাসনের তথ্যমতে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার নিচে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজায় বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনির দুর্দশা বাড়ালো শীতকালীন ঝড়
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ভূমিকম্পের কম্পন রাজধানী তাইপেই পর্যন্ত অনুভূত হয় এবং কিছুক্ষণের জন্য শহরের বিভিন্ন এলাকায় ভবনগুলো কেঁপে ওঠে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ভৌগোলিক অবস্থানের কারণে তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। এ কারণে দ্বীপরাষ্ট্রটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত এবং দেশটি সবসময়ই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকে।
এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে সংঘটিত এক ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। তারও আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








