News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬

কানাডায় স্কুলে বন্দুক হামলা: হামলাকারীসহ নিহত ১০

কানাডায় স্কুলে বন্দুক হামলা: হামলাকারীসহ নিহত ১০

ছবি: সংগৃহীত

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এক বন্দুকধারী অতর্কিত ঢুকে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি চালালে এই রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়। 

এই ঘটনায় হামলাকারীসহ এখন পর্যন্ত মোট ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এছাড়া কমিউনিটির একটি আবাসিক ভবন থেকে আরও দুইজনের মরদেহ পাওয়া গেছে। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় হেলিকপ্টারযোগে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি প্রায় ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড় দেওয়া হয়েছে।

হামলাকারীকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেছেন। আরসিএমপি জানিয়েছে, হামলার সঙ্গে কোনো দ্বিতীয় ব্যক্তি যুক্ত ছিল কি না তা যাচাই করার জন্য এলাকায় বাড়ি ও আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

টাম্বলার রিজ শহরটি প্রায় ২ হাজার ৪০০ জনের একটি ছোট শহর। হামলার পর শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় এবং বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। স্কুল ও কমিউনিটি প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও জরুরি সেবা মোতায়েন করা হয়েছে।

পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট জানিয়েছে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুল চলতি সপ্তাহের বাকি সময় বন্ধ থাকবে। সরকারি তথ্য অনুযায়ী, সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

স্থানীয় আইনপ্রণেতা ল্যারি নিউফেল্ড জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী এলাকা থেকে অতিরিক্ত পুলিশ ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছে। তবে নিরাপত্তার কারণে এ মুহূর্তে হামলার কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছেন। 

তারা জানিয়েছে, জনসাধারণের জন্য এখন কোনো চলমান হুমকি নেই। তবে হামলার নিখুঁত প্রেক্ষাপট ও হতাহতের সঠিক সংখ্যা চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার জন্য আরও তদন্ত প্রয়োজন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়